টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার প্রধান সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পে হাঁটুপানি; অপ্রয়োজনীয় যাতায়াত না করার আহ্বান
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ১২ জুলাই, ২০২৬
টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাকলী, বনানী, খিলক্ষেত এবং বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প থেকে নামার মুখে হাঁটুপানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এ অবস্থায় নগরবাসীকে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
রোববার (১২ জুলাই) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জারি করা এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে টানা বৃষ্টির কারণে বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে পানি জমে যানবাহনের গতি অনেকটাই কমে যায়।
এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প এলাকায়। র্যাম্প থেকে নিচে নামার মুখে হাঁটুপানি জমে থাকায় চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।
নিচের সড়কে নেমেই এসব যানবাহন তীব্র যানজটের মুখে পড়ায় কাকলী মোড়, বনানী ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।গুলশান ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের নিচের অংশ, খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ে থেকে নামা এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ডিএমপি ট্রাফিক বিভাগ নগরবাসীর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো—
- * অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত পরিহার করা।
- * জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালানো এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা।
- * সম্ভব হলে কাকলী, বনানী, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কের যানজটপূর্ণ অংশ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করা।
- * সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা।
টানা বর্ষণ অব্যাহত থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পাশাপাশি নিরাপদে চলাচলের জন্য নগরবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।