জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ–জাপান অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয়
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ২ জুলাই ২০২৬
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো ১ জুলাই ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের দৃঢ় ভিত্তি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি উন্নয়নে জাইকার অব্যাহত সহযোগিতার অঙ্গীকার তুলে ধরা হয়।
আলোচনায় উভয় পক্ষ ঢাকা মেট্রোরেল প্রকল্প, বিমানবন্দর উন্নয়ন, মহেশখালী–মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDI), বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (BSEZ) এবং POWERR Asia উদ্যোগের আওতায় ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের জরুরি বাজেট সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ–জাপান সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ–জাপান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উন্নয়নমূলক উদ্যোগে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।