স্থানীয় সরকার ও টেকসই উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার, জাইকা প্রেসিডেন্টের সঙ্গে উপদেষ্টা মির্জা ফখরুলের বৈঠক
By ঢাকা প্রতিনিধি | বেঙ্গল টাইমস
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক করে তোলা, টেকসই নগর সেবা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাইকার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, টেকসই নগর উন্নয়ন এবং জনগণকেন্দ্রিক সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (LGI) সুশাসন নিশ্চিত করা,
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের কার্যকারিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
এ সময় হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, জীবিকাভিত্তিক কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে 3R (Reduce, Reuse and Recycle) নীতির আওতায় বর্জ্য উৎপাদন কমানো, পুনঃব্যবহার বৃদ্ধি এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এছাড়া দ্রুত নগরায়ণের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই নগর সেবা সম্প্রসারণ, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল (Resilient) উন্নয়ন কৌশল বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশের স্থানীয় সরকার খাতে জাইকার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অবকাঠামো,
যোগাযোগ, নগর উন্নয়ন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, পানি সরবরাহ, স্যানিটেশন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে। সংস্থাটির অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত বহু প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসেবা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।বিশ্লেষকদের মতে, বাংলাদেশে দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন চাহিদা বাড়তে থাকায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। এ প্রেক্ষাপটে জাইকার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণ স্থানীয় পর্যায়ে সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।