হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩, ২০২৬

পর্যটন ভিসা চালুর পর সেবা সম্প্রসারণে কাজ চলছে: ভারতীয় হাইকমিশন

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৩ জুলাই, ২০২৬

IMG_7782

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর পর্যটন ভিসা পুনরায় চালুর পর ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়া সহজ করতে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে।

আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেছে, ভিসা পরিষেবাকে আরও কার্যকর, দ্রুত ও সুবিধাজনক করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হয়। এর আগে ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এ সিদ্ধান্তের ঘোষণা দেন। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।

পরবর্তী সময়ে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে।২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য অধিকাংশ নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল। সে সময় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সীমিত পরিসরে মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী এবং সরকারি ক্যাটাগরির ভিসা ইস্যু পুনরায় শুরু হলেও পর্যটন ভিসা প্রায় দুই বছর বন্ধ ছিল। গত ২৮ জুন সেই পরিষেবা পুনরায় চালু হয়।