হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩, ২০২৬

সরকারি বিদ্যুৎ প্রকল্পে দরপত্রে অংশ নেওয়ার অনুমতি পেল ভারতে কারখানাসম্পন্ন চার চীনা প্রতিষ্ঠান

By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, প্রকাশ: ৩ জুলাই, ২০২৬

IMG_7787

নয়াদিল্লি: ভারতে উৎপাদন কারখানা রয়েছে—এমন চারটি চীনা বিদ্যুৎ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ সরকারি বিদ্যুৎ প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ২৪ জুন জারি করা এক আদেশে বলা হয়েছে, টিবিইএ এনার্জি (TBEA Energy), নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া (Nanjing Electric India), নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া (New Northeast Electric India) এবং তাইকাই ইলেকট্রিক (ইন্ডিয়া) [Taikai Electric (India)] সরকারি দরপত্রে অংশ নিতে পারবে।

সরকারি নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় দেশটিতে উৎপাদন কার্যক্রম পরিচালনাকারী এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এ ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দেয়।

এর আগে ২০২০ সালে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি প্রকল্পে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে নয়াদিল্লি।

ওই নীতিমালার আওতায় সরকারি কোনো দরপত্রে অংশ নিতে হলে চীনা কোম্পানিগুলোকে সরকার-নিযুক্ত একটি প্যানেলে নিবন্ধন এবং রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক ছিল।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কিছুটা কমে আসায় ভারত সরকার চীনা প্রতিষ্ঠানের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি পর্যালোচনা করছে।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ভারতের সঞ্চালন অবকাঠামো দ্রুত সম্প্রসারণের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, এই ছাড় আদেশ জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এটি অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে না।