হামের টিকার অভাবে শিশু মৃত্যুর প্রতিবাদে ধানমন্ডিতে মানববন্ধন, ইউনূসের বিচারের দাবি
By নিজস্ব প্রতিবেদক
দেশে হামের টিকার সংকট এবং শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। “সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের জবাবদিহিতা ও বিচারের দাবি জানান।
বুধবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সময়মতো পর্যাপ্ত হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণেই দেশের বিভিন্ন স্থানে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। তারা বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফলেই সাধারণ মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “একটি সভ্য রাষ্ট্রে টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাস্থ্যখাতে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।”
এ সময় অংশগ্রহণকারীরা শিশু মৃত্যুর ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং দ্রুত টিকা সংকট নিরসনের দাবি জানান। পাশাপাশি স্বাস্থ্যখাতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।