শিশু নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের প্রতিবাদে শাহবাগে মানববন্ধনআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের তীব্র সমালোচনা।
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমসঢাকা | ২১ মে ২০২৬
রাজধানীর শাহবাগ মোড়ে শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় “Justice For Ramisa” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জনমনে ভয় ও ক্ষোভ তৈরি হলেও অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। তারা বলেন, “শিশুরা আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অথচ বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”
কর্মসূচিতে বক্তারা শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সমাজে নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ “আর কোনো রামিসা নয়”, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। পুরো শাহবাগ এলাকায় এসময় প্রতিবাদী স্লোগানে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশুদের নিরাপত্তা ও
ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।