হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১২, ২০২৬

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে যাবে না সরকার: অর্থমন্ত্রী

By বেঙ্গল টাইমস ডেস্ক

db0ad90c-c1b8-4364-b779-767e6b21b253

দেশের স্বার্থের সঙ্গে আপস করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো ঋণ কর্মসূচিতে বর্তমান সরকার অংশ নেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের সময় গৃহীত আইএমএফের ঋণ কর্মসূচি দেশের জনগণের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারেনি।

সে কারণে ওই কর্মসূচি থেকে সরে এসে সম্পূর্ণ নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে আইএমএফ।

এর আগে, রোববার দুপুরে সচিবালয়ে আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

নতুন ঋণ কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “আইএমএফের আগের ঋণ কর্মসূচি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা নতুন কর্মসূচি নিয়ে এগোচ্ছি। কিস্তির অর্থ পাওয়া নিয়ে আমাদের কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা নেই।”

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, “পূর্ববর্তী সরকার যে ঋণ কর্মসূচি গ্রহণ করেছিল, সেখানে জনগণের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত ছিল না।” তবে আগের কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় পাওয়া নিয়ে বর্তমান সরকারের কোনো উৎকণ্ঠা নেই বলেও তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলতে খুব শিগগিরই দেশের ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও তিনি জানান।