তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
By নিজস্ব প্রতিবেদকঢাকা | ১৮ মে ২০২৬
দেশের প্রযুক্তি খাতকে ভবিষ্যতের সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে সরকার। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহমুদ আলম।
রোববার অনুষ্ঠিত এ আয়োজনে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি আর শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়; এটি অর্থনীতি, উদ্ভাবন এবং কর্মসংস্থানের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার তথ্যপ্রযুক্তি শিক্ষার বিস্তার, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে প্রযুক্তিতে দক্ষ তরুণরাই দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হবে। তাই সরকার স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নয়ন এবং আইটি খাতে নতুন নতুন সুযোগ তৈরির মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের বিস্তৃত ক্ষেত্র তৈরি করতে কাজ করছে।
অনুষ্ঠানে অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক ও স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তির ভূমিকা, উদ্ভাবনের সম্ভাবনা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।