হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৭, ২০২৬

পূর্ব ইউরোপ ও সিআইএস অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস ঢাকা, ৭ জুলাই ২০২৬:

IMG_7957

বাংলাদেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং নতুন সম্ভাবনাময় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে পূর্ব ইউরোপ ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (CIS-BCCI)-এর পরিচালনা পর্ষদ ও নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বের সম্ভাবনাময় হলেও এখনো পর্যাপ্তভাবে কাজে লাগানো হয়নি—এমন অঞ্চলগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে।

বিশেষ করে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় রপ্তানি বাজার।

এসব দেশে বাংলাদেশের বহুমুখী পণ্যের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিদলগুলোর পারস্পরিক সফর বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, এর মাধ্যমে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে। একই সঙ্গে সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী (B2B) সম্পর্ক আরও শক্তিশালী হবে।

তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান, সিআইএস অঞ্চলে বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, চিংড়ি, উষ্ণমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি (আইটি) পণ্য রপ্তানির সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে।

বৈঠকে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বাণিজ্য ও বিনিয়োগ মেলা আয়োজন, সরাসরি বিমান যোগাযোগের অভাব, সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীতে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশনের অনুপস্থিতি এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনে বিদ্যমান জটিলতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।এসব বিষয়ে সরকার সম্ভাব্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সিআইএস অঞ্চলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার বেসরকারি খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাবে।ব্যবসায়ী নেতারাও সিআইএস অঞ্চলে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।