হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ৪, ২০২৬

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে যুবক গ্রেপ্তার, পরে জানা গেল সেটি ছিল লাইটার

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস,গাজীপুর | প্রকাশ: ৪ আগস্ট ২০২৬

IMG_8646

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিস্তলসদৃশ একটি বস্তু ব্যবহার করে স্ত্রীকে ভয়ভীতি দেখানো, যৌতুকের জন্য নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে জব্দ করা বস্তুটি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং পিস্তলের আদলে তৈরি একটি লাইটার।

পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা ইমন সম্প্রতি নিজের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে তাঁর হাতে পিস্তলসদৃশ একটি বস্তু দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করে। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, সেটি কার্যকর কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং দেখতে পিস্তলের মতো হলেও এটি একটি লাইটার।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই লাইটার ব্যবহার করেই ইমন স্থানীয়ভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করতেন। একই সঙ্গে তাঁর স্ত্রীর অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে ওই বস্তু দেখিয়ে তাঁকে ভয় দেখাতেন এবং যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপ ও নির্যাতন চালাতেন।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।