হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published আগস্ট ১১, ২০২৬

রাজধানীতে গ্যাস সংকট: গাড়ির দীর্ঘ সারি ও বাসাবাড়িতে চরম ভোগান্তি

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা, প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

IMG_8880

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকট, অন্যদিকে যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো গ্যাস না পাওয়ার আক্ষেপ—সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের চাপ এতই কম যে, প্রয়োজনের অর্ধেকেরও কম জ্বালানি নিয়ে স্টেশন ছাড়তে হচ্ছে তাদের। এতে সিএনজিচালিত গাড়ি ও গণপরিবহন চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যাত্রীরাও গন্তব্যে পৌঁছাতে মারাত্মক বিলম্বের শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র যানবাহনই নয়, রাজধানীর বেশ কিছু এলাকায় আবাসিক চুলাতেও গ্যাসের চাপ অত্যন্ত কম থাকছে। ফলে রান্নাবান্না নিয়ে প্রতিদিনের গৃহস্থালি কাজেও চরম বিঘ্ন ঘটছে।

কেন এই সংকট?

টেশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে আগুন লাগার দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর থেকেই জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাবে দেশজুড়ে—বিশেষ করে রাজধানী ঢাকায় এই দীর্ঘমেয়াদি গ্যাস সংকট তৈরি হয়েছে।

দ্রুত এই সংকট নিরসন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী ও পরিবহন চালকরা।