বিমান খাতে সহযোগিতা জোরদারে বিমানের চেয়ারম্যানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৯ জুলাই ২০২৬
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ. হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet)।
বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে উভয় পক্ষ বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেস (Thales)-এর সফল অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও কার্যকর করে তুলছে।
তিনি আরও বলেন, ইউরোপের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস (Airbus) বাংলাদেশের বিমান শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি সহযোগিতা করতে আগ্রহী।
এয়ারবাসের সঙ্গে সহযোগিতা বাড়ানো হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের সক্ষমতা বৃদ্ধি পাবে, দেশের সামগ্রিক বিমান চলাচল খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রদূত বাংলাদেশের বিমান চলাচল খাতে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ আরও বাড়াতে একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমান সুযোগভিত্তিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বেসামরিক বিমান চলাচল, প্রযুক্তি, প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক বিমান পরিচালনা ব্যবস্থায় সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে দেশের বিমান চলাচল খাত আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা আরও বেগবান হবে।