হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩১, ২০২৬

শাহজালালে শুল্ক ফাঁকির চেষ্টায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার ও বিদেশি মদ জব্দ

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৩১ জুলাই ২০২৬

IMG_8547

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দ করা পণ্যগুলোর শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, বৃহস্পতিবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ পর্যবেক্ষণের সময় মালিকবিহীন তিনটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ওই ব্যাগগুলো থেকে ‘মন্ড’ ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীদের কাছ থেকেও আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা জানায়, উদ্ধার করা সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

তবে প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ মোট ট্যাক্স ইনসিডেন্স যোগ করলে এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

এছাড়া দুবাই থেকে আসা একই ফ্লাইটের যাত্রী তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পাসপোর্ট যাচাই করে কর্মকর্তারা জানতে পারেন, গত ১০ জুন একই যাত্রী শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার দেশে এনেছিলেন।

ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালঙ্কার শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে ভারতের কলকাতা থেকে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ১১ লিটার বিদেশি মদও জব্দ করা হয়েছে। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হলেও শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।