বিচারক দম্পতির বাসায় ১৯ লাখ টাকার চুরি: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৫ জন কারাগারে
By জামালপুর প্রতিনিধি | বেঙ্গল টাইমস, প্রকাশ: ০৩ জুলাই, ২০২৬
জামালপুর: জামালপুরে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় সংঘটিত প্রায় ১৯ লাখ টাকার চুরির ঘটনায় সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত শুনানি শেষে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিচারক আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী নুসরাত জেরিন জেনী প্রায় সাত মাস ধরে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
তারা যথাক্রমে মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে বিচারকের দায়িত্ব পালন করছেন।ঘটনাটি ঘটে গত ৩০ জুন।
সেদিন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে জামথল ঘাটে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। রাত প্রায় ৮টার দিকে বাসায় ফিরে তিনি মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
পরে দেখা যায়, দুর্বৃত্তরা শয়নকক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, একটি হীরার আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পর বিচারক আহমাদুল কবির সাকিল থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা, দুই গৃহকর্মীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে পুলিশ। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার স্বার্থে চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর না করে পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।