হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৭, ২০২৬

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দির পলায়ন, থানায় মামলা

By বেঙ্গল টাইমস ডেস্ক:

IMG_8266

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বন্দি নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পালিয়ে যাওয়া বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং মো. হাসানের মেয়ে।কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন রিম্পা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তাকে আর কারাগারে খুঁজে পাওয়া যায়নি। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই নারী বন্দি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।তিনি আরও জানান, পলাতক বন্দিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। একই সঙ্গে কীভাবে তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছেন, সে বিষয়েও তদন্ত চলছে।এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।