চাঁদার দাবির অভিযোগ: চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ
By বেঙ্গল টাইমস ডেস্ক
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করার দুই দিনের মাথায় এ হামলার ঘটনা ঘটে।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস এস এম রবিউল ইসলাম রাকিব জানান, ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য যন্ত্রপাতি ভেঙে ফেলে।
একই সঙ্গে কার্যালয় থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরিহিত কয়েকজন যুবককে দেশীয় অস্ত্র হাতে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালাতে দেখা যায়। ফুটেজে আরও দেখা যায়, কুড়ালসহ বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে।
ডিডিএনের অন্যতম পরিচালক মোহাম্মদ রিদওয়ানুল কবির অভিযোগ করেন, গত শনিবার তাদের ব্যবস্থাপনা পরিচালক আদিল বিন মামুনের মোবাইল ফোনে কল করে এক ব্যক্তি নিজেকে সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ গ্রুপের সদস্য পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবি পূরণ না করায় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কলও ছড়িয়ে পড়েছে। সেখানে ‘ডেভিড ইমন’ পরিচয়ে এক ব্যক্তিকে দুই কোটি টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।
অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বেঙ্গল টাইমস।ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তদন্ত করছে।