নিকলী থানা হাজতে মাদক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য ক্লোজড
By নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | ১১ জুলাই ২০২৬
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক মাদক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন, ঘটনার সময় থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শেফালি আক্তার এবং কনস্টেবল দেলোয়ার হোসেন।কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনার দিনই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার সময় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুখলেছ সরদারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল দাসপাড়া গ্রামের বাসিন্দা রাজা হাওলাদারের ছেলে রুবেল মিয়া (২২)-এর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিকলী থানা হাজতে নিয়ে আসে।
পরে সকাল সাড়ে ১১টার দিকে থানা হাজতের কার্নিশের সঙ্গে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে ঝুলন্ত অবস্থায় রুবেলকে দেখতে পান পুলিশ সদস্যরা।
দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরিহিত শার্ট ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, রুবেল মাদকাসক্ত ছিলেন এবং বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।