হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৭, ২০২৬

শিশু মৃত্যুর ঘটনায় তোপের মুখে ড. ইউনূস, দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন।

By স্টাফ রিপোর্টার

4D841D3A-D050-4F5D-9272-10C065D0BB67

ঢাকা, ১৭ মে ২০২৬:দেশে হামের টিকার সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান এ রিট আবেদন করেন। রিটে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে হামের টিকার ঘাটতি, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও কার্যকর পদক্ষেপের অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং প্রশাসনিক অবহেলার বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।

রিট আবেদনে ড. ইউনূসের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিদেশযাত্রায় সাময়িক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, যাতে তদন্ত কার্যক্রম চলাকালে কেউ দেশত্যাগ করতে না পারেন। একইসঙ্গে হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় কারা দায়িত্বে ছিলেন, সে বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

আইনজীবী মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব ছিল সময়মতো টিকা নিশ্চিত করা। এই ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই।”

এদিকে স্বাস্থ্যখাতে টিকার সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যেও ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

রিট আবেদনটির শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।