হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুন ২৮, ২০২৬

ফরিদপুরে আধিপত্য নিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশত

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ফরিদপুর |

IMG_7585

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক এবং উভয় পক্ষের গ্রামবাসীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় বাজার ও আশপাশের এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও পূর্বের বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ দ্রুত আশপাশের আরও কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে কয়েকজন পুলিশ সদস্য ইটপাটকের আঘাতে আহত হন। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। আহতদের মধ্যে অনেককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও স্থাপনায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।  

ভাঙ্গা থানার পুলিশ জানায়, সংঘর্ষ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তা নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের শান্ত 

থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজবে কান না দিয়ে 

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।