হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৬, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৬ জুলাই ২০২৬

IMG_7922

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের বিষয়ে জারি করা পূর্বের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) রাতে মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।বাতিল হওয়া নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে অন্তত এক সেট করে তিনটি বই রাখার কথা বলা হয়েছিল।

বইগুলো হলো— ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।

জানা গেছে, ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ বই দুটি সাংবাদিক মাহফুজ উল্লাহ রচিত। অন্যদিকে, ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনটি বইই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)-কে একটি চিঠির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছিল,

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে এই তিনটি বইয়ের অন্তত একটি করে সেট সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

ওই চিঠিতেও উপসচিব রওশন আরা পলির স্বাক্ষর ছিল।

তবে সোমবার জারি করা নতুন অফিস আদেশের মাধ্যমে সেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে উল্লিখিত তিনটি বই সংরক্ষণের বাধ্যবাধকতা আর থাকছে না।মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে নির্দেশনা বাতিলের বিষয়টি উল্লেখ থাকলেও, কেন পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের ধারণা, পাঠাগারে বই নির্বাচন ও সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি বিদ্যালয়ের পাঠাগারে বই নির্বাচন এমন একটি প্রক্রিয়া হওয়া উচিত, যা শিক্ষার্থীদের বয়স, শিক্ষাগত চাহিদা, পাঠাভ্যাস এবং মানসম্মত জ্ঞানচর্চার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।