ঢাকা মহানগরীর নতুন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
By নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ মে, ২০২৬
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জানানো হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মোসলেহ্ উদ্দিন আহমদের এই পদায়নকে পুলিশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার
নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।