বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস প্রকাশ: ৩ জুলাই, ২০২৬
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার করা আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেছে পুলিশ।
অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকা থেকে রাসেদুল ইসলাম সেতু ভুইয়া নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে নিয়ে যাওয়ার সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারের জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে সেটি পুলিশের কাছে ফেরত দেওয়া হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভুইয়া। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।