হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৭, ২০২৬

নড়াইলে ‘জুলাই যোদ্ধাদের’ হত্যার উদ্দেশ্যে পুরস্কার ঘোষণার অভিযোগ, ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস, নড়াইল, ৭ জুলাই ২০২৬:

IMG_7958

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ হত্যার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।সোমবার (৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, জুলাইকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধাদের’ লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টের মাধ্যমে হামলা ও হত্যার জন্য দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

অভিযোগকারীর দাবি, আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসব হুমকি ও প্রলোভনমূলক প্রচারণার সঙ্গে জড়িত।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মো. মিজানুর রহমান নয়ন, সৌরভ কর্মকার, মো. সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, মো. মিলন জমাদ্দার, মো. ইস্রাফিল, মো. সজীব চৌধুরী, এস কে আসলাম, মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস এবং মো. জুবায়ের শেখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন, জুলাই মাসকে সামনে রেখে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক হুমকি দিচ্ছে।

এর আগেও তার বিরুদ্ধে হামলার গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।অন্যদিকে, অভিযোগে নাম থাকা মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, অভিযোগে উল্লেখিত অধিকাংশ ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং অভিযোগকারীর সঙ্গেও তার কোনো পরিচয় বা যোগাযোগ নেই। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক।

আইনকে সম্মান জানিয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হত্যার হুমকি ও পুরস্কার ঘোষণার অভিযোগ সামনে আসার পর নড়াইলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো পুলিশি তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।