হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৮, ২০২৬

মধ্যরাতে অভিযানে প্রশাসক, হাতেনাতে ধরা পড়ল দুই চাঁদাবাজ

By বেঙ্গল টাইমস ডেস্ক:

IMG_8300

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।

পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের প্রশাসক।

সেখানে একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন থেকে অর্থ আদায়ের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।আটকরা হলেন নগরের কৃষ্টপুর আবাসন এলাকার শহীদুল ইসলাম (৫১) ও মো. হালিম (৫৫)।

ঘটনাস্থলে প্রশাসক তাদের কাছে গভীর রাতে অর্থ আদায়ের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, পাটগুদাম বাসস্ট্যান্ড ইজারার আওতাভুক্ত হলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যায়। এর বাইরে টোলের নামে কোনো ধরনের অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।

নগরীতে চাঁদাবাজি, অনিয়ম কিংবা জনভোগান্তি কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে ওই রাতে এক ট্রাকচালকের কাছ থেকে অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টাকা আদায়ের পাশাপাশি চালককে হুমকি দেওয়ার দৃশ্য দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন সিটি প্রশাসক।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।