হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ২৯, ২০২৬

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

By বিশেষ প্রতিনিধি, বেঙ্গল টাইমস 

82762c35-f35a-4abf-aa0a-b7402d6be79c

ঢাকা: চট্টগ্রাম নগরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত ক্যাডার মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন ও তার নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্রকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে তাকে আটক করা হয়।এসপি মাসুদ আলম বলেন, “ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছিল।

যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”তিনি জানান, ইমনের ঘনিষ্ঠ সহযোগী রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালীতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়েছিল।

তবে অভিযানের সময় সে পালিয়ে যায়। রায়হানসহ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তারের অভিযান এবং তার বিরুদ্ধে থাকা মামলাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন–কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী—মো. আসিফ (২৫) এবং সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।