চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে মমতা শিবিরে নতুন সংকট
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস, কলকাতা | ৪ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর রাজনৈতিক সংকটে থাকা তৃণমূল কংগ্রেসে (টিএসসি) নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
দলটির রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম নিউজবাংলা আঠেরো।
প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে রাজ্য সভাপতিসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ৩ জুন যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল, তা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের ব্যাংক হিসাবের স্বাক্ষরকারী (সিগনেটরি) হিসেবে দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন।
তবে পদত্যাগের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি কেবল কোন কোন দায়িত্ব ছাড়ছেন, সে বিষয়ে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত চন্দ্রিমা তাঁর পদত্যাগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসন হিসেবেও উল্লেখ করেননি, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।এর আগে ঋতব্রত, সন্দীপন, ফিরহাদ হাকিম ও জাভেদ খানের মতো একাধিক নেতা দল ছাড়েন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে চন্দ্রিমার ছেলে সৌরভ বসু ইতোমধ্যে ঋতব্রতপন্থী নব্য তৃণমূলে যোগ দিয়েছেন। এরপর থেকেই চন্দ্রিমার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল।
নিউজবাংলা আঠেরোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে দলীয় পুনর্গঠনের ধারাবাহিকতায় নব্য তৃণমূল ইতোমধ্যে তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং দলীয় কার্যালয়ে নতুন ব্যানার টাঙানো হয়েছে। সেখানে চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি নেই।
তবে চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।