হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৬, ২০২৬

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

By কুষ্টিয়া প্রতিনিধি | বেঙ্গল টাইমস

IMG_7912

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় তার পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে বালু বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়েও তার পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, অস্ত্রোপচারের মাধ্যমে নাসিরুল বিশ্বাসের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে।

এছাড়া তার পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল বিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হার্ডিঞ্জ ব্রিজ এলাকার বালু ব্যবসার দেখভাল করেন। রোববার ব্যবসাস্থলে যাওয়ার পরই তার ওপর এই হামলার ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এ হামলা হয়েছে। ঘটনার সময় নাসিরুল বিশ্বাসের সঙ্গে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, হামলায় সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ছয়জন মুখোশ পরা ছিল। একজনের মুখ খোলা থাকলেও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, খুঁটিবগাড়ি বালুমহালকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।