হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ১৮, ২০২৬

পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা, বাগান থেকে মরদেহ উদ্ধার

By বেঙ্গল টাইমস ডেস্ক:

IMG_8299

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস শুকুর (৪০) রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন।

তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন রতনপুর এলাকার একটি বাগানের ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় আব্দুস শুকুরের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, নিহত আব্দুস শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।