হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৪, ২০২৬

নতুন পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশের প্রস্তুতি, গেজেট চলতি মাসেই

By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ৪ জুলাই, ২০২৬

IMG_7803

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে চলতি জুলাই মাসের মধ্যভাগ বা শেষ দিকে চূড়ান্ত গেজেট প্রকাশ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার একযোগে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেবল মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে। অন্যান্য ভাতা ও সুবিধা পরবর্তী পর্যায়ে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজনৈতিক নির্দেশনার আলোকে নতুন পে-স্কেল চূড়ান্ত করার কাজ চলছে। তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে, ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে।

তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন পে-স্কেল প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের খসড়া অনুযায়ী, আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে সর্বোচ্চ বা প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডের প্রস্তাবিত মূল বেতন যথাক্রমে ১ লাখ ৩২ হাজার, ১ লাখ ১৩ হাজার, ১ লাখ এবং ৮৬ হাজার টাকা।খসড়া অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম গ্রেডের প্রস্তাবিত মূল বেতন যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা। ১১তম থেকে ১৫তম গ্রেডের জন্য প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ এবং ২২ হাজার ৮০০ টাকা।

এছাড়া ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।তবে এসব অঙ্ক এখনো প্রস্তাবিত এবং চূড়ান্ত নয়। সরকার গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো, কার্যকারিতা এবং বাস্তবায়নের সময়সূচি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।