প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে গুরুত্ব
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | ৯ জুলাই ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং প্রতিরক্ষা খাতে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনে সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
প্রথাগত প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এশিয়া অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অপরদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা আরও সম্প্রসারণে চীনের আগ্রহের কথা জানান। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও অংশীদারিত্ব অব্যাহত রয়েছে।