বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের যৌথ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
By বেঙ্গল টাইমস ডেস্ক, ঢাকা | ২ জুলাই ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের যৌথ যন্ত্রসঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সামরিক ব্যান্ড দেশাত্মবোধক, সমসাময়িক এবং জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসঙ্গীত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের শিল্পীরা যৌথভাবে পরিবেশনা করেন। আয়োজকরা জানান, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ ধরনের যৌথ সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ. ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সাংস্কৃতিক ও পেশাগত বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করতে সহায়ক হবে।