১০ টাকার চাঁদাকে কেন্দ্র করে অটোচালক শাহীন খুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস২০ মে ২০২৬ | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও -এ মাত্র ১০ টাকার চাঁদাকে কেন্দ্র করে শাহীন নামে এক অটোচালককে নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত শাহীন স্থানীয়ভাবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকায় সক্রিয় কয়েকজন চাঁদাবাজ নিয়মিতভাবে অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায় করত। ঘটনার দিন ১০ টাকা চাঁদা দেওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহীনকে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও অটোচালকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাদের ভাষ্য, প্রকাশ্যে চাঁদাবাজি চললেও অনেক ক্ষেত্রেই প্রশাসনের নীরব ভূমিকা জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি করছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “গরিব অটোচালকরা প্রতিদিন কষ্ট করে আয় করে। সেই টাকার ওপরও চাঁদাবাজদের নজর। ১০ টাকার জন্য একজন মানুষকে প্রাণ দিতে হবে—এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শাহীনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের চেষ্টা চললেও পুলিশ এখনো কোনো মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান
চালিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অন্যথায় ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।