রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া
By কূটনৈতিক প্রতিবেদক | বেঙ্গল টাইমস, ঢাকা | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-কে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (AUD 25.25 million) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
সোমবার ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এছাড়া অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টমস ও বহুসংস্কৃতিবিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউএনএইচসিআর জানিয়েছে, অস্ট্রেলিয়ার নতুন এই অনুদান নমনীয় (Flexible) এবং বহু-বছর মেয়াদি (Multi-year) অর্থায়নের আওতায় প্রদান করা হবে। এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জরুরি সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।
বিশেষ করে নারী, কিশোরী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, আশ্রয়, মৌলিক সেবা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশ বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে মানবিক কার্যক্রম সচল রাখতে দাতা দেশগুলোর ধারাবাহিক অর্থায়নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।