শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট
By মানিক লাল ঘোষ, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি।
ক্যালেন্ডারের পাতা উল্টে আগস্ট মাস এলেই বাঙালির জাতীয় চেতনায় নেমে আসে গভীর বেদনার ছায়া। বাংলাদেশের ইতিহাসে আগস্ট কেবল একটি মাস নয়; এটি শোক, আত্মত্যাগ, রাজনৈতিক অভিঘাত এবং জাতীয় স্মৃতির এক অনিবার্য অধ্যায়। ১৯৭৫ সালের এই মাসেই স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সেই মর্মান্তিক ঘটনা আজও জাতির ইতিহাসে গভীর ক্ষতচিহ্ন হয়ে আছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবনে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও বেদনাবিধুর ঘটনা। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল, পুত্রবধূ সুলতানা কামাল খুকু, দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল, পুত্রবধূ পারভীন জামাল রোজী, কনিষ্ঠ পুত্র ১০ বছরের শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আরও কয়েকজন সদস্য নিহত হন।
একই রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ভাগ্নে, যুবলীগের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক শেখ ফজলুল হক মণির বাসভবনেও হামলা চালানো হয়। সেখানে নিহত হন শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং বাড়িতে অবস্থানরত আরও কয়েকজন। একই সময়ে বেইলি রোডে তৎকালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের সরকারি বাসভবনেও হামলা হয়। ওই হামলায় আবদুর রব সেরনিয়াবাত, তাঁর পরিবারের সদস্য এবং স্বজনদের মধ্যে বেবি সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, সুকান্ত আব্দুল্লাহ বাবু, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু "র খালাতো ভাই নাঈম খান রিন্টু সহ আরও অনেকে প্রাণ হারান।
এই হত্যাকাণ্ডের লক্ষ্য, বিভিন্ন ঐতিহাসিক বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ছিল দেশের নেতৃত্বে আকস্মিক পরিবর্তন ঘটানো এবং রাষ্ট্রের রাজনৈতিক গতিপথকে ভিন্ন দিকে পরিচালিত করা। তবে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁদের ভূমিকা নতুন মাত্রা যোগ করে।
আগস্ট আমাদের শুধু শোক প্রকাশের মাস নয়; এটি আত্মসমালোচনা, ইতিহাসের মূল্যায়ন এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবারও সময়। অতীতের বেদনাবিধুর ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ই হতে পারে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি ও বিশ্লেষকের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই ভিন্নমতের বাস্তবতায় জাতীয় সংলাপ, পারস্পরিক সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ আজ আরও বেশি প্রয়োজন। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে গবেষণাভিত্তিক, তথ্যনির্ভর এবং বহুমাত্রিক আলোচনা নতুন প্রজন্মকে অতীত সম্পর্কে সচেতন করে তুলতে পারে।
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শক্তি নিহিত থাকে আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর। জাতীয় জীবনের সংকট অতিক্রমে রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শোকের এই মাসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—রাষ্ট্রের স্বার্থকে সংকীর্ণ দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করা। সেটিই হবে ১৫ আগস্টে নিহত সকল মানুষের স্মৃতির প্রতি যথার্থ সম্মান।
শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, পারভীন জামাল রোজী, শিশু শেখ রাসেল, শেখ নাসের, কর্নেল জামিল উদ্দিন আহমেদ, শেখ ফজলুল হক মণি, আরজু মণি, আবদুর রব সেরনিয়াবাত এবং ১৫ আগস্টের ঘটনায় নিহত সকলকে। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা—শোক আমাদের শক্তিতে পরিণত হোক, ইতিহাসচেতনা হোক ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা এবং মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধ হোক আমাদের পথচলার স্থায়ী ভিত্তি।