ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮
By আন্তর্জাতিক ডেস্ক | বেঙ্গল টাইমস
ইউক্রেনের রাজধানী কিইভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) ভোরে চালানো এ হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
কিইভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তৈমুর তকাচেনকো টেলিগ্রামে জানান, রাজধানী কিইভেই সাতজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে শহরের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে কিইভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় আরও একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, রুশ বাহিনী আবারও বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হামলার ফলে কিইভের দার্নিটস্কি জেলায় একটি ২৫ তলা আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এতে ভবনের ওপরের তলায় বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়লেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে ২২ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন। একই জেলার আরেকটি ৩০ তলা আবাসিক ভবনের ওপরের অংশে আগুন লাগার ঘটনাও ঘটে, পরে সেখান থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।কিইভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, পদিলস্কি জেলায় একটি ২১ তলা অ্যাপার্টমেন্ট ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ওবোলোনস্কি জেলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে একটি গুদামঘর এবং একটি অনাবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।