‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় জোর: বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে অমিত শাহ, শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক
By নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল টাইমস
ঢাকা: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরকালে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
শুক্রবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। শনিবার সকালে তিনি উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। এ সময় তিনি কাঁটাতার-সংলগ্ন জামুরিয়া ভিটা ও সন্ন্যাসী কাঁটা সীমান্ত এলাকা ঘুরে দেখেন।
পরে তিনি জুমাগাছ সীমান্ত আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নতুন ১৪টি সীমান্তচৌকির উদ্বোধন করেন।
সীমান্ত পরিদর্শন শেষে উত্তরবঙ্গ রাজ্য সচিবালয় ‘উত্তর কন্যা’য় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর আলোচনার মূল বিষয় ছিল শিলিগুড়ি করিডরের নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তকে আরও দুর্ভেদ্য করতে ভারত সরকার একটি বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
অমিত শাহ বৈঠকে বলেন, ‘চিকেনস নেক’ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র স্থল যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডর।
তাই এই অঞ্চল এবং উত্তরবঙ্গের পুরো সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ সদস্যদের কল্যাণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও নেপাল সীমান্তের মাঝখানে অবস্থিত প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর ভারতের সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত অঞ্চলগুলোর একটি। সাম্প্রতিক আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই করিডরের নিরাপত্তা ব্যবস্থার ওপর নয়াদিল্লি বিশেষ গুরুত্ব দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদারে বিএসএফকে ১ হাজার একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যা ভারতের সীমান্ত প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টদের ধারণা।