মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, এলাকায় উত্তেজনা
By নিজস্ব প্রতিবেদক | বেঙ্গল টাইমস মুন্সিগঞ্জ, ১ জুন ২০২৬
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির কার্যালয়সহ একাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) দুপুরে ইউনিয়নের চর-বলাকি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা এবং একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি ইউনিয়নের টানবলাকী এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও বিএনপি নেতা মাহফুজ প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে একটি মামলায় হাজিরা দিতে মুন্সিগঞ্জ আদালতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে তারা এলাকায় ফিরে এলে সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
এদিকে, এলাকাবাসীর একটি অংশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে যে উত্তেজনা ও বিরোধের পরিবেশ তৈরি হয়েছিল, বর্তমান ঘটনাটি সেই পূর্ববিরোধের ধারাবাহিকতার অংশ হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি রাজনৈতিক সংঘাত নয়, বরং স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের
নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।