নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুরুতর আহত
By নোয়াখালী প্রতিনিধি, বেঙ্গল টাইমস:
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা বিএনপির এক নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৪৫) গুরুতর আহত হয়েছেন। হামলার মূল লক্ষ্য ছিলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০)।
তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও হাতে সামান্য আঘাত পেয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের প্রধান গলিতে ওবায়দুলের চা-দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি হাজী আবুল কাশেম নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাতে মার্কেটে নিজ কার্যালয়ের কাজ শেষ করে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে বের হলে পথিমধ্যে অতর্কিত হামলার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ইয়াছিন সেন্টু। এতে গুলিটি আবুল কাশেমের হাত ছুঁয়ে সেন্টুর বাম বুকে বিদ্ধ হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।ঘটনার বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীদের লক্ষ্য ছিলেন বিএনপি নেতা হাজী আবুল কাশেম।
তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে।তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনেও তদন্ত অব্যাহত রয়েছে।