জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, মালামাল জব্দ
By নিজস্ব প্রতিবেদক | ঢাকা, প্রকাশিত: ২০ জুলাই ২০২৬
এনটিএমসির সাবেক মহাপরিচালক ও বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) সকালে দুদকের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।দুদকের মুখপাত্র তানজীর আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানায়, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল সকালে রূপগঞ্জের ওই বাড়িতে পৌঁছায় এবং ঘরের ভেতরের মালামালের জব্দ তালিকা (সিজার লিস্ট) প্রস্তুত করে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চলতি বছরের ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখায় দুদক। এর আগে, ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান স্বীয় ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া সীমার বাইরে গিয়ে ৫৫ হাজার মার্কিন ডলার জমা রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাঁর নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে উল্লেখ করা হয়।এজাহারে আরও অভিযোগ করা হয়, স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় জিয়াউল আহসান এই অবৈধ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও রূপান্তর (মানি লন্ডারিং) করেছেন।উল্লেখযোগ্য যে, সাবেক শেখ হাসিনা সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা সর্বশেষ এনটিএমসির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পরদিন, অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাঁর একাধিক বাড়ি, বাগানবাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।