হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published মে ১৯, ২০২৬

পল্লবীতে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা, বাথরুমে মিলল বিচ্ছিন্ন মাথা।

By নিজস্ব প্রতিবেদকঢাকা | ২০ মে ২০২৬

IMG_5969

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পর শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারসহ দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাসায় একাই ছিল। পরে পরিবারের সদস্যরা ফিরে এসে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। বাসার বাথরুমে পড়ে ছিল শিশুটির বিচ্ছিন্ন মাথা। এ দৃশ্য দেখে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী সোহেল রানার নাম সামনে আসে। অভিযোগ রয়েছে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, “একটি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।”

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।