বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের সময় ৬২০ বস্তা সিমেন্ট-সার জব্দ, আটক ১০
By বেঙ্গল টাইমস | চট্টগ্রাম প্রতিনিধি, প্রকাশ: ২৫ জুলাই ২০২৬
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬২০ বস্তা সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত দুটি নৌযানও।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা সীতাকুণ্ড থানার সন্দ্বীপ চ্যানেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট এবং ৩৮০ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।কোস্টগার্ড জানায়, অভিযানে পাচারে ব্যবহৃত দুটি নৌযান জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী জলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচার রোধে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।কোস্টগার্ডের মতে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে।