খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগ- ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৬ জন।
By বেঙ্গল টাইমস প্রতিবেদন | খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পৃথক দুই ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ছয় নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ হামলার সঙ্গে জড়িত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতের দিকে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বড়পিলাক এলাকায় একটি বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠক চলছে—এমন তথ্য পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদলের কর্মী মামুন ও মাহবুব আলম। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে একই রাতে উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর ওপর হামলার অভিযোগ ওঠে। বিএনপি নেতাদের দাবি, ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত বাপ্পি ত্রিপুরা তার ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই এসব হামলার সঙ্গে জড়িত। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।”
অন্যদিকে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনাগুলোর বিষয়ে তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।