হোম রাজনীতি জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি তথ্যপ্রযুক্তি আবহাওয়া মতামত
Bengal Times
Published জুলাই ৩, ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৪, উদ্ধার মাদক, অস্ত্র ও বিপুল সংখ্যক বন্যপ্রাণী

By বেঙ্গল টাইমস ডেস্ক, প্রকাশ: ০৩ জুলাই, ২০২৬

IMG_7790

ঢাকা: রাজধানীজুড়ে নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি বিপুল সংখ্যক বন্যপ্রাণীও উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জনকে আটক করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।

এছাড়া রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, গুলশানে ৩৯ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, চার বোতল ফেনসিডিল এবং দুটি প্যাথেডিন ইনজেকশন।

এছাড়া একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ২৪টি মোবাইল ফোন এবং একটি মেমো উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় বিভিন্ন প্রজাতির মোট ১ হাজার ১০৪টি প্রাণী উদ্ধার করা হয়েছে। তবে এসব প্রাণী কীভাবে পাচার বা সংরক্ষণ করা হচ্ছিল এবং কোন প্রজাতির প্রাণী উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

পাশাপাশি ৭৫ কেজি লেবুও উদ্ধার করা হয়েছে, যার উৎস বা সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।এ ছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় বা উদ্ধারের ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক কয়েক দিনের অভিযানের পরিসংখ্যানেও ধারাবাহিকভাবে ব্যাপক গ্রেপ্তারের চিত্র দেখা যাচ্ছে। এর আগে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২২ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। ওই দিন ৮৯টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল ১২৯ জনকে।ডিএমপির দাবি, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতি, পরোয়ানাভুক্ত আসামি এবং

অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান চলমান থাকবে।