২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭২
By বাস্থ্য প্রতিবেদক | বেঙ্গল টাইমস, প্রকাশিত: ২০ জুলাই ২০২৬
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন রোগী।
আজ সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)—১০৩ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা:
বরিশাল বিভাগ: ৬৭ জন
চট্টগ্রাম বিভাগ: ৫৪ জন
খুলনা বিভাগ: ৪৩ জন
ময়মনসিংহ বিভাগ: ২১ জন
রংপুর বিভাগ: ৬ জন
রাজশাহী বিভাগ: ৪ জন
বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮৬ জন।